এমপি প্রার্থী আকরাম হুসাইনের নেতৃত্বে উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন ও শিক্ষার দাবি।
ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী আকরাম হুসাইনের নেতৃত্বে উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন ও শিক্ষার দাবিতে উপদেষ্টার কাছে স্মারকলিপি…
উর্দুভাষী জনগোষ্ঠীর পুনর্বাসন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং জেনেভা ক্যাম্পের দীর্ঘস্থায়ী শিক্ষা সংকট সমাধনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ মাননীয় উপদেষ্টা মো. আদিলুর রহমান খানের নিকট একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা–১৩ আসনের এমপি প্রার্থী এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। এসময় এনসিপি আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার নেতৃবৃন্দ, জেনেভা ক্যাম্পের তরুণ নেতা এবং সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ১১৬টি ক্যাম্পে প্রায় তিন লাখ উর্দুভাষী জনগোষ্ঠী পাঁচ দশকের বেশি সময় ধরে মানবেতর পরিবেশে বসবাস করছে। অতিরিক্ত জনসংখ্যার চাপ, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষয়িষ্ণু অবকাঠামো এবং মৌলিক নাগরিক সুবিধার অভাব তাদের জীবনকে ক্রমাগত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নাগরিকত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পরও ক্যাম্পভিত্তিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ তারা বাস্তবে পুরোপুরি উপভোগ করতে পারছে না।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, জেনেভা ক্যাম্পের অন্যতম বড় সংকট হলো শিক্ষা সুবিধার অভাব। ক্যাম্পের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ড্রিম এনএলজে হাই স্কুলে মাত্র ৩০০ শিক্ষার্থী ধারণক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবছর প্রায় ১৫০০ শিক্ষার্থী ভর্তি হতে চায়। এর ফলে প্রায় ১২০০ শিক্ষার্থী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। স্কুলের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম বলেন, “অতি দ্রুত স্কুল সম্প্রসারণ অথবা নতুন স্কুল নির্মাণ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।” সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান জানান, “দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতির আশায় থেকেছি; কিন্তু মৌলিক অধিকার এখনও অধরা।” সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী বলেন, “আমরা বাঙালি নই বলে জীবনের প্রতিটি ধাপেই বৈষম্যের মুখোমুখি হয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম কেন এই ভোগান্তির শিকার হবে?”
প্রতিনিধি দলের পক্ষ থেকে আকরাম হুসাইন বলেন, “উর্দুভাষী জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক। শিক্ষা, বাসস্থান ও সম্মানজনক জীবনের অধিকার তাদের প্রাপ্য, এই বঞ্চনা আর চলতে পারে না।” তিনি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা, শিক্ষা সুবিধা সম্প্রসারণ এবং নাগরিক অধিকার বাস্তবায়নের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
মাননীয় উপদেষ্টা মো. আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করে প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, বিষয়টি তিনি অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করবেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন ড্রিম এনএলজে হাই স্কুলের সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, সহ-সভাপতি শাহনেওয়াজ আহমেদ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিপু, সদস্য মো. রাজু, সমাজকর্মী সানিয়া আহমেদ সোনালী, এনসিপির সদস্য জিয়া উদ্দিনসহ আরও অনেকে।